Published : 25 Jul 2026, 03:51 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে হয়ে গেল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দ্য ব্লু ওডিসি’।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বার্ষিক এ অনুষ্ঠান আয়োজন করে বিভাগের সাংস্কৃতিক সংগঠন ‘দ্য মিউজেস’।
সিআইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম নুরুল আবসার। এছাড়া স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক খালেদ বিন চৌধুরীসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ যুগিয়ে বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান ও ‘দ্য মিউজেস’ এর মডারেটর লিমা সেন গুপ্ত ও সহ-মডারেটর রাশেদা ফেরদৌস।
ফাইহা মুনির ও রুনার সঞ্চালনায় অনুষ্ঠানে সমবেত ও একক সংগীত, নৃত্য এবং বাংলা ও ইংরেজি নাটক পরিবেশন করেন শিক্ষার্থীরা।

সাহিত্য, সংগীত, নৃত্য ও নাট্যকলার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ অবলম্বনে নির্মিত একটি বাংলা নাটক। এছাড়াও উইলিয়াম সমারসেট মমের বিখ্যাত ছোটগল্প ‘দ্য লাঞ্চন’ অবলম্বনে একটি ইংরেজি নাটক মঞ্চস্থ হয়।