১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আজহারের মুক্তির প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের মিছিল

মিছিলের সময় ছাত্রজোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন জসীমউদ্‌দীন হলের কিছু শিক্ষার্থী।

আজহারের মুক্তির প্রতিবাদে ঢাবিতে ছাত্রজোটের মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 11:41 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জোটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে হলগুলোর দিকে যান বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। সেখান থেকে মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় লাইব্রেরি ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে তারা সমাবেশ করেন।

এর আগে মিছিল নিয়ে হলপাড়ায় গেলে ছাত্রজোটের নেতাকর্মীর উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দেন জসীমউদ্‌দীন হলের কিছু শিক্ষার্থী। বাম নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে দুয়োধ্বনি দেন।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ বলেন, “ছাত্রলীগের আমলে মিছিলের মধ্যে যেমন মব সৃষ্টি করতে দেখা যেত, আজকেও তা হলপাড়ায় শিবিরের মধ্যে দেখা গেছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ তুলে তিনি বলেন,  “নতুন কিছু না, এটি তাদের ঐতিহ্য। রাজশাহী-চট্রগ্রামে হামলা জামাত শিবিরের একাত্তরের বিরোধিতাকে স্পষ্ট করে। একাত্তরের বিরোধী শক্তি এ জামাত-শিবির, যাদের হাতে বীরাঙ্গনাদের রক্ত লেগে আছে, তারা এদেশে কখনো দাঁড়াতে পারবে না।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের জামানা এই ইন্টেরিম বহন করছে। বিচারহীনতার সংস্কৃতির ধারক ও বাহক হয়ে দাঁড়িয়েছে এই ইন্টেরিম। 'আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিব প্রথম যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়েছে, তারই পুনরাবৃত্তি করছে এই ইন্টেরিম।”

‘বিপ্লবী যুব আন্দোলনের’ নেতা নাঈম উদ্দিন বলেন, “জামাত-শিবির যে একাত্তরে গণহত্যা চালিয়েছিল, তা আবারও রাজশাহী ও চট্টগ্রামে বিপ্লবী কমিউনিস্টের ওপর হামলার মাধ্যমে প্রমাণিত।”

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে সোমবার খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা আজহারুল ইসলাম। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বাম ছাত্রজোট মিছিল করলে তাতে শিবিরের হামলার অভিযোগ ওঠে।