সিআইইউর ৬ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইয়ংওয়ান
“আজ যে শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েছে, তারা শুধু নিজেদের নয়- তাদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গর্বের প্রতীক।”
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) অটাম ২০২৫ সেমিস্টারের ছয় শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন।
রোববার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকায় ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তরা পুরো ব্যাচেলর প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন। তারা ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগও পাবে এবং সফল সমাপ্তি শেষে সেখানেই চাকরির সুযোগ মিলবে।
শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ তুলে দেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিহাক সুং।
অনুষ্ঠানে তিনি বলেন, “চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ইয়ংওয়ান কর্পোরেশনের এই যৌথ প্রয়াস আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
“আজ যে শিক্ষার্থীরা স্কলারশিপ পেয়েছে, তারা শুধু নিজেদের নয়- তাদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গর্বের প্রতীক। আপনাদের মেধা, পরিশ্রম এবং সম্ভাবনার ওপর আমাদের বিশ্বাস আছে।”
সিআইইউয়ের সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন করেন সিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ মাহমুদুল হক।
এর আগে সামার ২০২৫ সেমিস্টারে ছয় শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
