Published : 07 Sep 2025, 07:22 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামনে রেখে ১১টি প্রতিশ্রুতি দিয়েছেন ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের ১১ নারী প্রার্থী, যেখানে সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন এবং নারীর প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার কথাও বলা হয়েছে।
রোববার বিকালে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে 'নারী প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়' প্রতিপাদ্য নিয়ে ইশতেহার ঘোষণা করেন তারা।
ইশতেহার পাঠ করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক প্রার্থী নূজিয়া হাসিন (রাশা) এবং সদস্য প্রার্থী মিশকাতুল মাশিয়াত।
তাদের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—নারীবান্ধব আবাসন; অনাবাসিক নারী শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য নিরসন; যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর কর; সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা; নারীর প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা।
ঋতুস্রাবের সময়ে ক্লাস-পরীক্ষায় উপস্থিত হওয়ার ব্যাধবাধকতা থেকে মুক্তি; নারীদের শৌচাগারের অধিকার নিশ্চিত করা; নারীবান্ধব রিডিংরুম এবং কমনরুম নিশ্চিত করা এবং সেটি ২৪ ঘণ্টা খোলা রাখা; নারীবান্ধব ক্রীড়ার ব্যবস্থা কর; গবেষণায় নারীদের ইস্যুকে নিয়ে আসা; ডাকসুর কাঠামোকে নারীবান্ধব করা এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধির কথাও বলা হয়েছে ইশতেহারে।
প্রতিরোধ পর্ষদ ব্যানারে লড়ছেন বামপন্থি সাত ছাত্র সংগঠনের প্রার্থীরা। এসব সংগঠনের মধ্যে রয়েছে— ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ।
এ প্যানেল থেকে জিএস পদে লড়ছেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। এজিএস পদে প্রার্থী হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট হবে। এবার ২৮ পদে প্রার্থী হয়েছেন মোট ৪৭১ জন।
এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করছেন সবচেয়ে বেশি, ৪৫ জন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী হয়েছেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি-জিএসসহ সম্পাদকীয় ১৫টি পদের একটি ছাড়া বাকিগুলোতে ৬২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন সম্পাদক পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি।