২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গুচ্ছ ভর্তিতে আবেদনের সময় বাড়ল ১ দিন

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা।

গুচ্ছ ভর্তিতে আবেদনের সময় বাড়ল ১ দিন
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 05:53 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। 

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অনেক ভর্তিচ্ছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার জানান, নতুন সিদ্ধান্ত অনুযাযী ভর্তি আবেদনের সময় শেষ হবে বুধবার রাত ১১টা ৫৯ মিনিটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাকৃতিক দুর্যোগ রেমালের কারণে দেশের উপকূল অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিকূল অবস্থায় বসবাস করছে। তারা এসময় বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিছিন্ন অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে তারা আবেদন করার মতো অবস্থায় নেই। এইসকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা আবেদনের সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

“আবহাওয়া অধিদপ্তরের সংবাদ থেকে জানতে পেরেছি, আশঙ্কা আর তেমন নেই। তবুও যদি পরিস্থিতি প্রতিকূলে থাকে, তবে সর্বসম্মতিক্রমে আবেদনের সময় বাড়ানোর কথা চিন্তা করব।”

অনলাইনে বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন কীভাবে করতে হবে, তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd)। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের জন্য ৫০০ টাকা গুনতে হচ্ছে ভর্তিচ্ছুদের।

গত ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান), ৩ মে বি ইউনিটের (মানবিক) এবং ১০ মে সি ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হয়।