১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল হচ্ছে

নতুন এ হলের নাম হতে পারে নাম ‘চীন-বাংলাদেশ মৈত্রী স্মারক’, বলেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 10:50 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ৪৪ কোটি টাকা ব্যয়ে নতুন একটি ছাত্রী হল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে অর্থায়ন করছে চীন।

এ হল নির্মাণের কাজ আগামী বছরের প্রথমার্ধে শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার বিকালে ক্যাম্পাসে জগন্নাথ হলের খেলার মাঠ সংলগ্ন হল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।   

রাষ্ট্রদূত বলেন, একটি চীনা কারিগরি দল ইতোমধ্যে ঢাকায় এসে ভবন নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। কয়েক দিনের মধ্যে স্থানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছরের প্রথমার্ধেই নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, নারী শিক্ষার্থীদের জরুরি শিক্ষার সুযোগ বাড়াতে নতুন এ ভবন নির্মাণ করা হবে, যা চীন–বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

“চীন সরকার বাংলাদেশের স্বীকৃত বন্ধু এবং আমরা নারী শিক্ষার্থীদের শিক্ষা সুযোগ বিস্তারে সহযোগিতা করতে আগ্রহী”।

বাংলাদেশের নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “চীন সরকারের বর্তমানে ১০ হাজারের বেশি বৃত্তি চালু আছে। আমি মনে করি এসব বৃত্তি প্রাপ্তদের মধ্যে অর্ধেক নারী শিক্ষার্থী। আমাদের নারী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো বৃত্তি নেই। তবে তারা চাইলে বিদ্যমান বৃত্তি পেতে পারে।“

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৩ শতাংশ নারী শিক্ষার্থী। কিন্তু আমাদের সেই তুলনায় আবাসিক সুবিধা নেই। আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের শিক্ষার্থীদের জন্য এ বিনিয়োগ করছে।“

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলের নাম চূড়ান্ত করা হবে। তবে প্রস্তাবিত নাম ‘চীন-বাংলাদেশ মৈত্রী স্মারক’।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ রায়, শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাসরিন সুলতানা ও চীনা বিশেষজ্ঞ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।