চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের অবস্থান জানাবে ‘শাটল ট্র্যাকার’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান অ্যাপটি উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে চট্টগ্রাম শহর থেকে যে শাটল ট্রেন চলাচল করে সেই ট্রেনের অবস্থান, অবস্থানের হালনাগাদ তথ্য ও সময়সূচি জানাতে ‘শাটল ট্র্যাকার’ নামে একটি অ্যাপ চালু করেছে চাকসু।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) শিক্ষার্থীদের সুবিধার্থে খুবই উপকারী একটি অ্যাপ তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘শাটল ট্রেন ট্র্যাকার’।
“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা যাতে সহজেই ট্রেনের অবস্থান লোকেট করতে পারে, সেজন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। যেসব ডেভেলপার এ দায়িত্ব নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করে বিষয়টিকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘ পাঁচ মাস চেষ্টা করে এ অ্যাপটির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা এর দ্বারা অনেক উপকৃত হবে।”
অ্যাপটি তৈরি করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব রহমান হিশাম ও সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাহমিদ খান আলিম।
তাহমিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাটলের অবস্থান জানার জন্য এই অ্যাপের ধারণাটি হিশাম এর মাথায় মাথায় আসে। প্রথমে শাটলে ট্র্যাকার বসানোর পরিকল্পনা থাকলেও শাটলের বগি, চালক ও ইঞ্জিন প্রতিনিয়ত পরিবর্তন হয়। এর কারণে ট্র্যাকার বসানো সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীদের মোবাইল ফোনের লোকেশন ব্যবহার করে ‘ক্রাউড লোকেশন’ পদ্ধতিতে শাটলের অবস্থান জানার ব্যবস্থা করা হয়।”
তিনি বলেন, কোনো শিক্ষার্থী অ্যাপে ঢুকলে প্রথমে ‘শাটলে আছেন’ অপশনে ক্লিক করে ‘সিইউয়ের দিকে’ ও ‘শহরের দিকে’ এ দুটি অপশন পাবেন। যে শিক্ষার্থী যেদিকে যাচ্ছেন, সে অনুযায়ী অপশনে ক্লিক করলে অ্যাপটি তার লোকেশন ব্যবহার করে শাটলের অবস্থান শনাক্ত করবে। পরে সেই অবস্থান অন্য ব্যবহারকারীদের কাছে আপডেট হতে থাকবে।
“অ্যাপটি মূলত শাটলের বর্তমান অবস্থান, শাটলের আপডেট ও সময়সূচি এই তিন ধরনের তথ্য দেবে।”
