ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্টে রাহিব রেজা স্মরণ
উৎসবে উপস্থিত ই-স্পোর্টসপ্রেমীরা ‘দ্যা অ্যানিমেল’ হিসেবে পরিচিত তরুণ এ গেইমারের অনুপস্থিতি অনুভব করেন।
ঢাকায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্টে ই-স্পোর্টসের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহিব রেজাকে স্মরণ করেছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত তিন দিনের এ উৎসবের চূড়ান্ত পর্ব শুরু হয় গত মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার উৎসবের ই-স্পোর্টস অংশগ্রহণকারীদের মোহিত ও অনুপ্রাণিত করেছে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উৎসবে উপস্থিত ই-স্পোর্টসপ্রেমীরা ‘দ্যা অ্যানিমেল’ হিসেবে পরিচিত তরুণ গেইমার ও প্রযুক্তি কর্মী রিহাবের অনুপস্থিতি অনুভব করেছেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ই-স্পোর্টস) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একটি বেসরকারি কোম্পানির তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত রাহিব রেজা গত ১৫ ফেব্রুয়ারি একটি বেসরকারি হাসপাতালে মারা যান। অ্যান্ডোস্কপি করাতে গিয়ে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যামিলির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবে রাহিব রেজাকে স্মরণ করে ই-স্পোর্টস কমিউনিটি এক মিনিট নীরবতা পালন করে। এ সময় তার মৃত্যুর ঘটনায় ‘ন্যায়বিচার’ চেয়ে একটি স্বাধীন তদন্তের দাবিও করেছে সংগঠনটি।
সিএসই কমিউনিটি ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে এ ধরনের ‘অবহেলা ও বিপর্যয়’ রোধে সরকারের কাছে যথাযথ পদক্ষেপের আহ্বান জানায় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সিএসই ফেস্টে ই-স্পোর্টস কমিউনিটির পক্ষ থেকে রোমাঞ্চকর ইভেন্টগুলোর পাশাপাশি প্রোগ্রামিং ও গেমিং প্রতিযোগিতা এবং আইটি অলিম্পিয়াডসহ আবিষ্কার, উদ্ভাবন ও রূপান্তরের যাত্রায় তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও জানিয়েছে।
