Published : 04 Dec 2025, 08:41 PM
প্রাণঘাতী ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় জগন্নাথ বিশ্বদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহনের তারিখ আট দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জকসু নির্বাচনের নতুন সময়সূচি প্রকাশ করেছেন।
আসছে ২২ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে দুই দশক বয়সী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গেল ৫ নভেম্বর।
২১ নভেম্বর কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ১০ জন প্রাণ হারান। আহত হন কয়েকশ।
পরদিন আবার তিন দফা ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ।
ভূমিকম্পের আতঙ্কের পরিস্থিতিতে ২৩ নভেম্বর থেকে টানা ১৫ দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়।
এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত রাখে।
প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার দুটি পৃথক চিঠিতে জকসু নির্বাচনের নতুন সময়সূচির পাশাপাশি অন্যান্য কাজের সময়সূচিও বলে দেওয়া হয়েছে।
প্রার্থীদের ডোপ টেস্টের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
“ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপ টেস্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
আরেকটি চিঠিতে সংশোধিত নির্বাচনি তফসিলে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
এছাড়া, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৪ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তারপর ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। ওইদিনই ভোট গণনা শুরু হবে। সবশেষ ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।
জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিছু কিছু কাজ বাকি আছে, এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে, সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
“জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুষ্ঠু নির্বাচন উপহার পাবে বলে আমরা আশাবাদী।”