১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফ্যাসিবাদকে’ বিদায় করা গেলেও মূল উপরে ফেলা যায়নি: প্রতিমন্ত্রী পুতুল

“তরুণরাই পারবে মেরুদণ্ড সোজা করে দেশের পরিবর্তন আনতে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2026, 11:56 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। 

তিনি বলেছেন, “ফ্যাসিবাদী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলসহ ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টার ফসল। 

“এখানে কারো একক কৃতিত্ব ছিল না। জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা এই অভ্যুত্থানের মূল স্পিরিটকে ব্যাহত করছে।” 

বৃহস্পতিবার ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, “ফ্যাসিবাদকে বিদায় করা গেলেও এর মূল উপরে ফেলা যায়নি। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার; তাদের প্রতি রেসপেক্ট থাকতে হবে। 

“আর আজকের এই তরুণরাই পারবে মেরুদণ্ড সোজা করে দেশের পরিবর্তন আনতে। তরুণসহ সকল শ্রেণিপেশার মানুষের মাধ্যমেই ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী।