Published : 05 Feb 2026, 10:02 PM
গণভোটে ‘না’ এর পক্ষে ‘ডিপ স্টেট’ ও সরকারের একটা অংশ’ প্রচারণায় নেমেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) ভিপি আবু সাদিক কায়েম।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী আজাদির ক্যাম্পেইন চলাকালে 'রাষ্ট্রের একটা অংশ', 'ডিপ স্ট্রিটের একটা অংশ', 'মিডিয়ার একটা অংশ' এবং 'ফ্যাসিস্ট' এর একটা অংশ ‘না’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে।”
বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সম্মিলিত ছাত্র সংসদের’ দেশব্যাপী গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গণভোটের বিরোধিতকারীদের ‘শত্রু’ হিসেবে তুলে ধরে তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না। তারা বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চাই।”
বিএনপিকে উদ্দেশ্য করে ডাকসুর ভিপি বলেন, “জুলাইয়ে শেখ হাসিনা ভারতে পালিয়েছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পর আমাদের মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে।
“আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে।”
জাতীয় পার্টিও গত ১৬ বছরে ‘গণতন্ত্রবিরোধী’ ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “তারা এখন গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। দলটির কিছু নেতা অতীতে গণতন্ত্রবিরোধী ভূমিকা রেখেছে এবং তাদের বিচারের আওতায় আনা উচিত।”
তিনি গণবিরোধী কর্মকাণ্ডের জন্য জন্য দলটির প্রধান জিএম কাদের এবং দলটিকে বিচারের আওতায় আনার দাবি জানান।
অনুষ্ঠানে সাদিক কায়েম বক্তব্য দেওয়ার সময় এক তরুণী মঞ্চে উঠে পড়েন।
সেসময় ঘটনাস্থলে থানা দুজন নারী কনস্টেবল তাকে নামাতে চেষ্টা করলেও তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে ওই তরুণী আঘাত করার চেষ্টা করেন।
পরে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। ওই তরুণী ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মনে করছে পুলিশ।
তার পরিচয় জানতে চাইলে ঘটনাস্থলে থাকা দুই পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ তরুণী মানসিক ভারসাম্যহীন। হঠাৎ মঞ্চে উঠে পড়েছে। এখন তাকে তো কিছু করার নাই।"
ডাকসু ছাড়াও গণজমায়েতের এ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।