Published : 15 May 2025, 10:22 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরেছে সংগঠনটি।
শিক্ষক নেটওয়ার্ক বলছে, “নির্মম এ হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি এই অপরাধের দ্রুত, স্বচ্ছ ও কার্যকর তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ সংগঠনটি বিজ্ঞপ্তিতে চারটি দাবি তুলে ধরেছে। শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা, সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দ্রুত আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে অংশীজনের মতামত নেওয়া ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এবং ঘৃণা, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেসব মাধ্যম/প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে অতিসত্বর আইনগত ব্যবস্থা নেওয়া এবং বিদ্বেষমূলক কনটেন্ট সরিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নেওয়া।

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ২৫ বছরের সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। তার বন্ধুরা জানিয়েছেন, ছাত্রদলের রাজনীতিতে যুক্ত সাম্য এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

সাম্য হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনসমূহের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তারা বিক্ষোভ ও সমাবেশ করে এ দাবি জানান। পরে মিছিল নিয়ে তারা সাম্য হত্যা মামলার অগ্রগতি জানতে শাহবাগ থানায় যান।
এ ছাড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিকালে মানববন্ধন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন। হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে তারা।