Published : 01 Apr 2026, 02:54 PM
নববর্ষ উদযাপন উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্বত্য অঞ্চলের আদিবাসী শিক্ষার্থীরা।
এই দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপিতে দিয়েছে তারা।
তাতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষী ১৪টি আদিবাসী জনগোষ্ঠীর প্রায় সাতশর বেশি শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান উৎসব উপলক্ষে প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল ছুটি ঘোষণা ও তা অ্যাকাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
আদিবাসী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডারে এসব উৎসব উপলক্ষে ছুটি না থাকায় তারা নিজেদের প্রধান সামাজিক উৎসব উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জাল্লাং এনরিকো কুবি বলেন, “উপাচার্য স্যার বলেছেন উনি বিষয়টি দেখবেন। তবে আমরা এ বছর প্রথম স্মারকলিপি জমা দিয়েছি বিষয়টা এমন না, আমরা প্রতিবছরই স্মারকলিপি দিয়ে থাকি কিন্তু কোনোবারেই আমাদের ছুটির বিষয়টি গ্রহণ করা হয় না।”
সমাজতত্ত্ব বিভাগের ভাগ্য কুমার ত্রিপুরা বলেন, “বছরের এই সময়টাতে আমার যারা পড়াশুনা বা চাকরির কাজে পাহাড়ের বাইরে থাকি তারা মিলিত হবার সুযোগ পাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক সময় পরীক্ষা বা গুরুত্বপূর্ণ ক্লাস থাকার কারণে আমরা এই একমাত্র সুযোগটুকুও হারিয়ে ফেলি।”