Published : 17 Nov 2025, 12:46 AM
অগ্রহায়ণের প্রথম দিন ‘আদি নববর্ষ’ নামে নবান্ন উৎসব উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার দিনব্যাপী এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল নানা আয়োজন।
সকালে অনুষ্ঠানের শুরুতে ‘রঙতুলিতে নবান্ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রশিল্পী এবং চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই ও নবান্ন থিমে ছবি আঁকা হয়।
আয়োজনের দ্বিতীয় পর্বে তিনটি মোটিফ নিয়ে ‘আদি নববর্ষ আনন্দযাত্রা’ মিছিল বের হয়।
বিকালে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সভাপতির বক্তব্যে বলেন, “আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। কারণ আগামীকাল (সোমবার) খুনি হাসিনার রায় হবে। এর আগে আমরা আদি-নববর্ষ পালন করছি। কালকে হাসিনার রায় হলে আবার সারাদেশে উল্লাস পালন করব।”
তিনি বলেন, “আমাদের খুনী হাসিনার বিরুদ্ধে কালচারাল বিপ্লব ঘটাতে হবে। এ খুনীরাই সুজলা, সুফলা এ বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আর এই খুনী হাসিনার অবৈধ দুঃশাসনকে বৈধতা দিয়েছিল কিছু কালচারাল ফ্যাসিস্ট চক্র।
“খুনি হাসিনা রাজনৈতিকভাবে হেরেছে, তবে এখনো কালচারাল ফ্যাসিস্টরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”
অনুষ্ঠানে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মূসাদ্দেক ইবনে আলী মুহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যারিয়ার ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।