১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাউন্ড গ্রেনেড, বিজিবি মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ কলেজের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 01:35 AM

Updated : 26 Aug 2026, 11:40 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করছে পুলিশ। 

রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ কলেজের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হবে।"

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে সহায়তা দিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

এদিন সন্ধ্যার পর পাঁচ দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব ও টেকিনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। 

তাদের ভাষ্য, দাবি-দাওয়া জানাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের কাছে গিয়েছিলেন। কিন্তু উপউপাচার্য আমাদের অপমান করেছেন। তার প্রতিবাদ জানাতেই সড়কে নেমেছেন তারা। 

সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ‘ফোকাল পার্সন’ ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “উপউপাচার্যকে সাত কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা চাইলে আমরা সড়ক ছেড়ে দেব।”

এরপর রাত সোয়া ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হন সাত কলেজের শিক্ষার্থীরা। 

পরে তাদের সঙ্গে যোগ দেন ঢাকা কলেজের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা। তারা নীলক্ষেত মোড় হয়ে ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।এক পর্যায়ে তারা উপউপাচার্যের বাসভবনে অভিমুখে রওনা হওয়ার ঘোষণা দেন। 

এদিকে তাদের এই অবস্থানের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠি সোঁটা নিয়ে স্যার এ এফ রহমান হলের সামনে জড়ো হতে থাকেন।

দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে মধ্যরাতে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। ইট পাটকেল ছোঁড়াছুড়িও হয়। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিউমার্কেটের ৪ নম্বর গেইটের দিকে নিয়ে যায়।

পরে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ধাওয়া দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রাত দেড়টার সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং নীলক্ষেত মোড়ে উত্তেজনা বিরাজ করছিল। 

আরো পড়ুন-

ক্যাম্পাসে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ধাওয়া, পাল্টা-ধাওয়া