১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৫ অগাস্টে শোক: ঢাবিতে শিল্পী-সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ

সাকিব খান ও চঞ্চল চৌধুরীসহ অভিনয় শিল্পীদের পাশাপাশি সাংবাদিকদের ছবিও রয়েছে ব্যানারে।

১৫ অগাস্টে শোক: ঢাবিতে শিল্পী-সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ
টিএসসির চত্বরে শনিবার শিল্পী-সাংবাদিকদের ছবির ব্যানারে জুতা নিক্ষেপ করে বিপ্লবী ছাত্র পরিষদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীতে তাকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা প্রকাশ করা শিল্পী ও সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শনিবার তাদের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি পালন করে চব্বিশের অভ্যুত্থানের পর গঠিত বিপ্লবী ছাত্র পরিষদ।

লাল ব্যানারে সাকিব খান, স্বাধীন খসরু, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, কচি খন্দকার, সাজু খাদেম, সুমন আনোয়ার, শমী কায়সার, অরুণা বিশ্বাস, পারসা, মেহজাবিন, নাজিফা তুষি, আরশ খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, মুমতাহিনা টয়া, সুনেরাহর ছবি রয়েছে।

এছাড়া  ক্রিকেটার সাকিব আল হাসান, গায়ক রাহুল আনন্দ, লিঙ্কন (আর্টসেল), উপস্থাপক আব্দুন নূর তুষার, পিয়া জান্নাতুল, সাংবাদিক ফারাবি হাফিজসহ অনেকের ছবি রয়েছে সেখানে।

ব্যানারে লেখা হয়েছে, “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন।”

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “গতকালকে (শুক্রবার) আমরা দেখেছি, তথাকথিত সেলেব্রেটিরা আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার জন্য মুজিব বন্দনায় ও শোকে নেমেছিল। অথচ ২০২৪ এর ১৫ অগাস্ট কোনো ‘টু’ শব্দও করেনি, যেহেতু ৫ অগাস্ট বাকশালী মুজিবের কন্যা খুনি হাসিনা পালিয়েছিল।

“সেদিনই আওয়ামী লীগের নিশানা শেষ হয়ে যায়। এখন আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার জন্য নতুন করে মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ এই মুজিবকে দিয়েই তারা ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠা করেছিল। ‘ভালো মুজিব’ বলতে কিছু নাই, তাকে হত্যা না করলে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া যেত না।”

আবদুল ওয়াহেদ বলেন, ‘কালচারাল ফ্যাসিস্টরা সংঘবদ্ধ হয়ে লীগের টাকা খেয়ে গতকাল প্রচারণায় নেমেছে। সরকার গত এক বছরে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা শোক প্রকাশ করার সাহস করেছে।