২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা এক ঘণ্টা বাড়ল

ছাত্রীদের কয়েকটি ‘প্ল্যাটফর্ম’ হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 07:38 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রী হলের গেইট বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন রাত ১১টায় হলে গেইট বন্ধ হবে।

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, “আমাদের নারী শিক্ষার্থীদের রাতে হলে প্রবেশের যে সময়সীমা ছিল, তা বাড়িয়ে ১১টা পর্যন্ত করা হয়েছে। নারী শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন করতে পাশাপাশি একটি কমিটিও করা হয়েছে।”

সেই কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে পাঁচ নারী হলের প্রাধ্যক্ষকে সদস্য করা হয়েছে।

এক মাস ধরে ‘অবরোধবাসিনী’ সহ ছাত্রীদের কয়েকটি ‘প্ল্যাটফর্ম’ হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল।