১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ বিশ্ববিদ্যালয়ে ‘চালু হচ্ছে জলবায়ু সাংবাদিকতা কোর্স’

চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও বরিশাল বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 07:46 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

দেশের চার বিশ্ববিদ্যালয়ে জলবায়ু সাংবাদিকতা বিষয়ক কোর্স চালুর প্রস্তুতি চলার কথা বলেছে অনলাইন প্ল্যাটফর্ম— রোকেয়া কালেকটিভ।

নারীর অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্মটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। 

চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বরিশাল বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার ও শনিবার ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে ‘এজাইল ক্লাইমেট চেঞ্জ রিপোর্টিং ওয়ার্কশপের’ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। 

‘রোকেয়া কালেকটিভ’ ও ‘সিজেইএন বাংলাদেশ’ এ কর্মশালা আয়োজন করে। এতে সহায়তা করে ফোজো মিডিয়া ইনস্টিটিউট। চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিবেশের পাশাপাশি অর্থনীতি, জনস্বাস্থ্য, অভিবাসন, জীবিকা, কৃষি ও নীতিনির্ধারণের সঙ্গেও যুক্ত। এ কারণে ভবিষ্যৎ সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, সামাজিক ও নীতিগত দিক বোঝার পাশাপাশি তা সহজ ও নির্ভুলভাবে মানুষের কাছে তুলে ধরার দক্ষতা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ কোর্স চালু হলে শিক্ষার্থীরা জলবায়ু বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি তথ্য যাচাই, মাঠপর্যায়ে রিপোর্টিং ও সাক্ষাৎকার গ্রহণের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। 

কর্মশালায় ফ্যাসিলিটেটর ছিলেন সিজেইএন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো এবং রোকেয়া কালেকটিভের প্রজেক্ট কোঅর্ডিনেটর জেসমিন পাপড়ি। 

প্যানেল সদস্য ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ কামরুজ্জামান মজুমদার।