Published : 10 Sep 2026, 05:37 PM
অ্যাকাডেমিক ‘উৎকর্ষের’ স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮ শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২৬’।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান।
তিনি বলেন, অনুষদের ১৬টি বিভাগের ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের মোট ৪৮ শিক্ষার্থী এবারের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার ও সহযোগী অধ্যাপক খোরশেদ আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ্-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পাঁচ বছর পর ডিনস অ্যাওয়ার্ড
সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৬ সালে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়।
পাঁচ বছর বিরতির পর এবার ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। যারা পুরস্কার পাচ্ছেন, তাদের মধ্যে ১৭ জন ছাত্র এবং ৩১ জন ছাত্রী।
অনুষদের অধীন ১৬টি বিভাগের শিক্ষার্থীরা এ পুরস্কারের আওতায় থাকেন।
এবার শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের গবেষণা ও প্রকাশনাকেও স্বীকৃতি দেওয়া হবে।
২০২১, ২০২২ ও ২০২৩ সালে শিক্ষকদের প্রকাশিত নিবন্ধ ও বই থেকে বিচারকদের মনোনীত সেরা নিবন্ধ ও বই যাচাই-বাছাই করে পুরস্কার দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত সংলাপের আয়োজন করা হবে।
সিনেট ভবন মিলনায়তনে মূল অনুষ্ঠান শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সংলাপ হবে।
যেভাবে নির্ধারিত হয় পুরস্কারের যোগ্যতা
ডিনস অ্যাওয়ার্ডের জন্য শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের চেয়ারপারসনের মাধ্যমে আবেদন করতে হয়। বি এস এস (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর যোগ্য শিক্ষার্থীরা মার্কশিট বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি জমা দিয়ে আবেদন করেন।
যোগ্যতার ক্ষেত্রে বি এস এস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী অথবা ৪.০০-এর মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের বিবেচনা করা হয়।
তবে সিজিপিএ নির্ধারিত ন্যূনতম সীমার নিচে হলে শিক্ষার্থী পুরস্কারের জন্য বিবেচিত হন না।
এ ছাড়া শিক্ষাজীবনে কোনো বিরতি বা ‘ব্রেক অব স্টাডি’ থাকা যাবে না এবং গ্রেড বা ফলাফল উন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার রেকর্ডও থাকা যাবে না।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৬৫ নির্ধারণ করা হয়েছে।
যেসব বিভাগে বি এস এস (সম্মান) প্রোগ্রাম চালু নেই, সেসব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।