Published : 17 Sep 2025, 10:10 PM
বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের মধ্যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আগামী ২৭ নভেম্বর ভোটের তারিখ রেখে বুধবার জকসু নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে, সেখানে ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেও ছাত্রসংসদ নির্বাচনের নীতিমালা এখনো পাস হয়নি। নীতিমালা অনুমোদন হওয়ার পর তা ইউজিসি, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের ধাপ পার হয়ে আইনি রূপ পাবে।
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবি আমরা মেনে নিয়েছি। এখন নীতিমালা পাস হলে আমাদের ষোষিত সময়সূচি অনুসারে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে কোনো বাধা থাকবে না।”

নির্বাচন কমিশন গঠন ও ভোট গ্রহণের তারিখ ছাড়া নির্বাচনের অন্য আনুষ্ঠানিকতার সম্ভাব্য তারিখ এখনো ঠিক হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের সকল আনুষ্ঠানিকতার তারিখ নির্বাচন কমিশন ঠিক করবে।
জকসুর কর্মপরিকল্পনায় বলা হয়েছে, নীতিমালা ও আচরণ বিধি প্রনয়ন, তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন জমা দান, মনোনয়ন বাছাই, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের প্রচার–এসব নির্বাচন কমিশন গঠনের পর তারাই নির্ধারণ করবে।

এদিকে জকসুর কর্মপরিকল্পনা প্রকাশসহ তিন দাবিতে অনশন করে আসছে ছাত্র অধিকার পরিষদ ও গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা। ছাত্রদলও বুধবার দুপুরে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে।
তাদের তিনটি দাবি হল–
>> শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি দেওয়া
>> জকসুর রোডম্যাপ ঘোষণা
>> ক্যাফিটেরিয়ায় ভর্তুকি দিয়ে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
তিন দাবির মধ্যে শুধু জকসুর রোডম্যাপ ঘোষণা করলেও অন্য দুটি বিষয়ে স্পষ্ট বক্তব্য না আসায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
জগন্নাথ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ পাওয়ার আগে কলেজ থাকাকালে মোট ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে।
তার মধ্যে সর্বপ্রথম নির্বাচন হয় ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে। সবশেষ ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন মো. আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর সিকদার জোটন।
২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি।