১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আমরণ অনশনে এক শিক্ষার্থী

পোষ্য কোটার কারণে ৬০-৭০ নম্বর পাওয়া গ্রামের শিক্ষার্থীরা ভালো বিভাগে সুযোগ পায় না, অনেকে বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ হারায়, বলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 11:37 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষে ভর্তিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন এক শিক্ষার্থী। 

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম আসাদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নামক বিষফোঁড়া পুনর্বহাল রাখার প্রতিবাদে আমরণ অনশন ধর্মঘট’ লেখা ব্যানার ঝুলিয়ে তিনি সেখানে অবস্থান করছিলেন।

আসাদুল ইসলাম বলেন, “যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এতো রক্ত দিতে হয়েছে, সেই কোটা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। পোষ্যকোটা সমূলে উৎপাটন করতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো। ১৭ বছরের স্বৈরশাসন শিক্ষার্থীরা দূর করতে পারলে পোষ্য কোটা সিন্ডিকেটও ভাঙতে পারবো।”

শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন দাবি করে এই শিক্ষার্থী বলেন, “আমি ৬৮.৫ নম্বর পেয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হয়েছি। অথচ একই বছর ৪০ নম্বর পেয়ে অনেকেই পোষ্য কোটায় আইন বা ইংরেজির মতো বিভাগে ভর্তি হয়েছেন। ফলে ৬০-৭০ নম্বর পাওয়া গ্রামের শিক্ষার্থীরা ভালো বিভাগে সুযোগ পায় না, অনেকে বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ হারায়। আমি চাই, এই বৈষম্যের অবসান হোক।”

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “আমরা বিষয়টি জেনেছি। তাঁর খোঁজখবরও রাখছি।”

১৭ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ পোষ্য কোটা পুনর্বহাল না করা হলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতির হুঁশিয়ারি দেন। 

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে ভর্তি কমিটির সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায়।

শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

প্রশাসনের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা।

এর আগে ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন।

১৩ অগাস্ট থেকে পোষ্য কোটা পুনর্বহালসহ ৮ দফা দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। এরই অংশ হিসেবে ২৪ থেকে ২৬ অগাস্ট পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।

পরে ২৪ অগাস্ট প্রশাসনের আশ্বাসে তিন দিনের অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।