Published : 20 Aug 2026, 02:19 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নারী শিক্ষার্থীকে লক্ষ্য কর বাজে মন্তব্য করার প্রতিবাদ করায় বহিরাগতরা ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির একজন নেতা।
বুধবার রাত ৯টার দিকে রাজু ভাষ্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নারী শিক্ষার্থী রাজু ভাষ্কর্যের সামনে থেকে রিকশা নিতে গেলে সেখানে কয়েকজন বহিরাগত তাদের বাজে মন্তব্য করেন।
ছাত্র ইউনিয়নের কয়েকজন কথা বলতে গেলে তারা সেখানে ধাক্কাধাক্কি করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা শুরু করে। এসময় আমি তাদেরকে আটকাতে গেলে আমাকেও কিল-ঘুষি দেওয়া শুরু করে। তখন ছাত্রদলের মিছিল থেকে কয়েকজন এসে যুক্ত হয়। এতে আমাদের তিন-চারজন মার খেয়েছে।”
শিমুল বলেন, হামলাকারীরা ছাত্রদলের অনুসারী। তবে তারা বহিরাগত হওয়ায় তাদের পরিচয় দিতে পারেননি তিনি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রর ইসরাফিল রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনার বিষয়ে আমি শুনেছি। তারা ঘটনার পর আমাদের প্রক্টরিয়াল টিমকে ফোন করে। সেখানে আমাদের টিম যায়। তখন হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। আমরা এখন এটা কী করা যায় দেখছি।”
হামলায় বহিরাগতদের সঙ্গে ছাত্রদল কর্মীদের যোগ দেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনকে ফোন করলেও তারা ফোন ধরেননি।