১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জকসু: ডিসেম্বরের ‘প্রথমার্ধে’ ভোট চায় ছাত্রফ্রন্ট

“ডিসেম্বরের শেষ দিকে সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনার আশঙ্কা রয়েছে, যা জকসু ভোটকে প্রভাবিত করতে পারে,” বলা হয় বিবৃতিতে।

জকসু: ডিসেম্বরের ‘প্রথমার্ধে’ ভোট চায় ছাত্রফ্রন্ট
ডিসেম্বরের প্রথমার্ধে শিক্ষার্থী সংসদ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার উপাচার্য ভবনের সামনে সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 06:24 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গ্রহণের দিন হিসেবে ২২ ডিসেম্বরকে ‘অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা।

তারা একাধিক যুক্তি তুলে ধরে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।   

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়ে শোনান জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ।

সংগঠনটি বলছে, বছরের শেষ সময়ে যখন অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন না, তখন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত আসলে ভোটারদের অংশগ্রহণ সীমিত করার কৌশল হতে পারে। 

“ডিসেম্বর মাসের শেষার্ধে একাডেমিক চাপ ও টিউশন শেষে অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যান। ২২ ডিসেম্বর নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নেই। এতে ভোটারদের অংশগ্রহণ কমে যাবে, যা একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিপন্থি।”

বিবৃতিতে বলা হয়, “ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা থাকতে পারে, যা জকসু নির্বাচনের পরিবেশকেও প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে বারবার উদাসীন থেকেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “প্রশাসন কখনও শিক্ষার্থীবান্ধব ভূমিকা নেয়নি, বরং অনেক সময় বিরোধী অবস্থান নিয়েছে। এবারও এমন সময়ে তফসিল ঘোষণা করা হয়েছে, যা প্রমাণ করে প্রশাসন নির্বাচনের ব্যাপারে আন্তরিক নয়।”