Published : 24 Jan 2026, 09:04 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।
শনিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে প্রশাসন ভবন-১ এর সামনে তারা জড়ো হন।
সেখানে স্বতন্ত্র থেকে জিএস প্রার্থী পলাশ বখতিয়ার বলেন, “বিএনপি সর্বশক্তি দিয়ে এ নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কথা বলেছি। তারা আশঙ্কা করছে, শাকসু যদি না হয়, পূর্বের যত অপরাজনীতি ফিরে আসবে। শিক্ষার্থীরা চায় শাকসু হোক। ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।”
দীর্ঘ ২৮ বছর পর গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার তারিখ ছিল। তবে এর আগের দিন হাই কোর্ট এক আদেশে চার সপ্তাহর জন্য ভোট স্থগিত করে।
পলাশ বখতিয়ার বলেন, “হাই কোর্টে কিন্তু নানা তালবাহানার মাধ্যমে এটাকে বড় ইস্যু হিসেবে দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও যথেষ্ট ‘সিরিয়াসনেসের’ অভাব আছে।
“হাই কোর্টে এ রিটকে যেভাবে বিবেচনা করা উচিত, সেভাবে তারা নিচ্ছে না। আপিল করার পরও সেটার শুনানি হচ্ছে না। আমরা চাই রোববারে শুনানি হোক এবং রায়টি আমাদের পক্ষে আসুক।”
বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, “আগামীকাল (রোববার) আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিলের শুনানি হবে বলে আশা করছি। জাতীয় নির্বাচনের আগে শাকসু নির্বাচন হতে হবে।”
শাকসু নির্বাচনের দাবিতে ২৮ টি বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বুধবার এক বিবৃতি দেন। তবে সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষায় ফিরতে চান।