Published : 31 Aug 2025, 01:23 AM
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের ভাষা শিক্ষা ‘মেজর কোর্স’ হিসেবে চালু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) প্রস্তাব দিয়েছে দেশটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন (সিএলইসি)।
ইউজিসি এ প্রস্তাবকে ইতিবাচক হিসাবে দেখছে এবং দেশের বিশ্ববিদ্যালয়ে এ কোর্স চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা বলেছে।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সিএলইসির এক প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের এক সভার বরাতে শনিবার রাতে এমন তথ্য দিয়েছে ইউজিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএলইসি বলছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ কোর্স চীনা ভাষায় দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে সিএলইসি চীনা ভাষা শিক্ষার অলাভজনক ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান। এটি আন্তঃসাংস্কৃতিক শিক্ষার প্রসারে একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।
ইউজিসির সঙ্গে সভায় সিএলইসির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর কিয়ান তিয়ানকি।
সভায় জানানো হয়, বর্তমানে ১৯০টি দেশে চীনা ভাষা পড়ানো হচ্ছে। চীনে পড়াশোনা এবং উচ্চ বেতনে চাকরির ক্ষেত্রে ভাষা দক্ষতা বাংলাদেশিদের জন্য সহায়ক হবে।
ইউজিসিতে অনুষ্ঠিত এ সভায় কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসির সচিব মো. ফখরুল ইসলাম, আর্ন্তজাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন, বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (অ্যাবকা) সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাহাবুল হক উপস্থিত ছিলেন।