০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আয়েশা ও দিপু হত্যার প্রতিবাদে জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল

“প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়; অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষ হত্যা করছে,” বলেন জগন্নাথ হল সংসদের ভিপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 05:50 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে মেরে পোড়ানো ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার শিশুকন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা।

রোববার বিকাল ৩টার দিকে জগন্নাথ হল থেকে মিছিল নিয়ে টিএসসি হয়ে মল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব বর্মন বলেন, “প্রতিটি ধর্ম শান্তির বার্তা দেয়। অথচ কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্ম অবমাননার নাটক সাজিয়ে মানুষ হত্যা করছে। দিপু চন্দ্রকে এভাবেই পুড়িয়ে হত্যা করা হয়েছে।

“রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের শিশু আয়েশা। তার কী অপরাধ ছিল?”

পল্লব বলেন, “ধর্ম অবমাননার নামে মব তৈরি করা এখন বাংলাদেশে একটি কালচারে পরিণত হয়েছে। এটি বন্ধ না হলে সমাজ আরও সহিংস হয়ে উঠবে।”

দিপু দাস ও আয়েশার হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি সরকারকে তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি তুলে ধরেন তিনি।

এ দুটি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি করে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া এলাকায় ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির’ শ্রমিক ২৮ বছর বয়সি দিপু দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরদিন শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদরের চরমনসা গ্রামে স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। তাতে তার ৭ বছর বয়সি মেয়ে আয়েশা আক্তার মারা যায়। দগ্ধ হন বেলালসহ তার অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।