সাম্য হত্যা: বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল
তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রদল কর্মীরা।
তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কে তৈরি হয়েছে যানজট।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শাহবাগে মূলত অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীরা। আর কেন্দ্রীয় ছাত্রদল অবস্থান নিয়েছে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে।
‘আর চাই না, আর চাই না এনএসআইয়ের প্রক্টর,’ ‘ক্যাম্পাসে লাশ ঝোলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাম্যের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এর আগেও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন।
