১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাবির হলে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদ নেতাদের উত্তেজনা

“হল সংসদের লোকজন আমাকে বারবার সন্ত্রাসী হিসেবে তুলে ধরে ব্যানার টানানোর চেষ্টা করেছে,” বলেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 12:09 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে একটি ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও হল সংসদ নেতাদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে হলের মূল ফটকে হল ব্যানার টানানো নিয়ে এ পরিস্থিতি সৃষ্টি হয় উভয়পক্ষের নেতারা জানিয়েছেন। বিতণ্ডা ও উত্তেজনার পরিস্থিতি চলেছে ঘণ্টাখানেক।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মুহসিন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাসকে গত ২৩ এপ্রিল শাহবাগে মারধরের ঘটনায় সোমবার ওই হলের গেইটে একটি ব্যানার টানানো হয়। ব্যানারে এ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রবিন হামলাকারী হিসেবে তার ছবি জুড়ে দেওয়া হয়। পরে ছাত্রদল নেতাকর্মীরা সেটি সরিয়ে ফেলেন।

এরপর মঙ্গলবার ফের ব্যানার ঝোলাতে গেলে হল সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মুহসীন হল সংসদের ভিপি সাদিক শিকদার বলেন, “আমরা গতকাল (সোমবার) জুলহাসের উপর সাজ্জাদের (হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক) বিচার চেয়ে ব্যানার টানালে তারা এটা ছিঁড়ে পুড়িয়ে ফেলে দেয়। আজ আবার ব্যানার টানাতে আসলে তারা আমাদেরকে বাধা দেয়।

“তারা আমাদের সঙ্গে থাকা এক ছোট ভাই সালমানকে আহত করে। আমরা সংবাদ সম্মেলন করে পুরোটা জানাব।”

হল ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, “হল সংসদের লোকজন আমাকে বারবার সন্ত্রাসী হিসেবে তুলে ধরে ব্যানার টানানোর চেষ্টা করেছে। আমি কোনোভাবেই তা নই।

“তারা আমার ব্যাপারে এমন আচরণ করায় আজকের এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি কোনোভাবেই সেদিনের হামলায় ছিলাম না।”

বিষয়টি নিয়ে ঘণ্টাখানেক উত্তেজনা চললেও হল প্রাধ্যক্ষক সিরাজুল ইসলামকে হলে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন করলেও ধরেননি।