Published : 10 Sep 2026, 12:19 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক মারা গেছেন।
বিশ্বিবদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৩টা ২০ মিনিটে মারা যান তিনি।
সিরাজুল হকের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “তিনি একজন প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”
উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে সিরাজুল হকের জানাজা হয়। বাদ আসর আগারগাঁও কবরস্থানে তাকে দাফন করা হবে।