১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে সবার আবাসন সুবিধা দাবি, প্রতীকী অনশনে ৮ ছাত্রী

“দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান করব,” বলেন এক আন্দোলনকারী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 02:12 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিতের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন আট ছাত্রী।

সোমবার সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রথম ও দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীরা।

অনশনরতরা হলেন, ২০২২-২০২৩ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের সাদিয়া সুলতানা প্রমি, সুমাইয়া জান্নাত ও হাফসা ফাউজিয়া খান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান এবং ২০২৩-২০২৪ সেশনের নৃত্যকলা বিভাগের সাবিহা মাহবুব, শেখ ফাতেমা, অর্পিতা সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তানিয়া খাতুন।

সাদিয়া সুলতানা প্রমি বলেন, “আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান করব।

“এখন পর্যন্ত আমাদের সাথে প্রশাসনের কেউ কথা বলতে আসেনি।”

শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, “প্রশাসন থেকে নতুন হল নির্মাণের কথা জানালেও সেটা ৩ বছর সময় লাগবে বলে প্রশাসন জানায়।”

এর আগে রোববার বিকালে সংবাদ সম্মেলন করে অনশন কর্মসূচির ডাক দেন এই শিক্ষার্থীরা।