অষ্টম সমাবর্তন করল ইউনাইটেড বিশ্ববিদ্যালয়
কৃতিত্বপূর্ণ ফলের জন্য স্বর্ণপদক পেয়েছেন চারজন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অষ্টম সমাবর্তন হয়ে গেল।
শনিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে আচার্যের প্রতিনিধিত্ব করেন বুয়েট উপাচার্য আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।
ইউআইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমাবর্তনে এক হাজার ৭৩৬ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্টগ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলের জন্য চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে অধ্যাপক বদরুজ্জামান বলেন, “আমাদের নতুন নতুন উদ্ভাবনকে কীভাবে স্কেলেবল সমাধানের মাধ্যমে আরও উন্নত ও টেকসই করা যায়, সেদিকে নজর দিতে হবে।”
সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, উপাচার্য আবুল কাশেম মিয়া।
সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম তাহের এ সাইফ।
