১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হুইল চেয়ারে ভোটের প্রচারে মেঘমল্লার বসু

“আমাদের লড়াইয়ের কারণেই এখন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকেও বলতে হচ্ছে মেয়েদের হল রাত ১২টায়ও খোলা রাখতে হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ভরদুপুরে হুইল চেয়ারে চেপে স্লোগান দিতে দিতে মধুর ক্যান্টিনের সামনে এলেন মেঘমল্লার বসু। ডাকসুর এ জিএস প্রার্থী সাংবাদিকদের সামনে তুলে ধরলেন এ ক’দিন ক্যাম্পাসে থাকতে না পারার কারণ। 

ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন রোববার দুপুর ২টায় হাসপাতাল থেকে ক্যাম্পাসে পৌঁছান মেঘমল্লার বসু। তার হয়ে প্রচার চালানোর জন্য সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে।

শারীরিক অসুস্থতা নিয়ে গত ১ সেপ্টেম্বর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এ সভাপতি। হাসপাতালে তার ‘অ্যাপেন্ডিক্স অপারেশন’ হয়।

সদ্য প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন মেঘমল্লার বসু।

তিনি বলেন, “আমাকে চিকিৎসকরা বলেছেন- বিশ্রামে থাকার জন্য। কিন্তু আমি ক্যাম্পাসে চলে এসেছি। রাজপথই আমাদের অক্সিজেন।

“আমার অনুপস্থিতির কারণে কেউ কেউ সমালোচনা করছেন, আমি নাকি ইচ্ছাকৃতভাবেই ক্যাম্পাসে আসছি না। হেরে যাব জেনে অসুস্থতার কথা বলেছি। তাদের বলতে চাই, হাসিনা আমলেও আমরা রাজপথে ছিলাম, ইউনূস আমলেও রাজপথে আছি। রাজপথ আমাদের দখলেই থাকবে। আমরা রাজপথেই আছি। রাজপথই আমাদের অক্সিজেন।”

ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে ‘প্রতিরোধ পর্ষদ’র এ প্রার্থী বলেন, “আপনারা ভোটকেন্দ্রে আসুন, যাকে খুশি ভোট দিন। তবুও ভোটকেন্দ্রে আসুন। 

“আমি শারীরিক অক্ষমতার কারণে ভোটারদের কাছে পৌঁছাইতে পারি নাই। আমাকে যোগ্য প্রার্থী মনে করলে প্লিজ আমাকে ভোট দিন।”

ভোটের আগেই নিজেদের বিজয় হয়েছে মন্তব্য করে মেঘমল্লার বসু বলেন, “আমরা ইতোমধ্যেই জিতে গেছি। আমাদের লড়াইয়ের কারণেই এখন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকেও বলতে হচ্ছে মেয়েদের হল রাত ১২টায়ও খোলা রাখতে হবে। 

“এটাই আমাদের বিজয়। আপনারা যাকে খুশি ভোট দিন, প্লিজ ভোট দিতে আসুন।”

এক প্রশ্নের জবাবে মেঘমল্লার বলেন, “বিএনপি এবং জামায়াত নেতারা জেলা থেকে ভোটারদের ফোন করছেন, অথচ প্রশাসন নির্বিকার। 

“তাও ভোটারদের কাছে একটাই চাওয়া, ভোট দিতে আসুন। নিজের ইচ্ছায় ভোট দিন। ভোট দিতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে।”

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে প্রচারণায় অংশ নেবেন বলে জানান তিনি।

আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে  ‘প্রতিরোধ পর্ষদ’ নামে লড়ছে বাম ধারার সাত ছাত্র সংগঠনের প্যানেল। শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী হয়েছেন।