জবি গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে ফয়সাল-শাহীন
“আমরা শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ,” বলেন ফয়সাল।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফয়সাল মুরাদকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহীন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
বুধবার রাতে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করেন।
এক বছর মেয়াদি এ কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম হোসেন; জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ তকি। মুখ্য সংগঠক হয়েছেন ফেরদৌস শেখ, আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান রিয়াজ।
৭১ সদস্যের এ কমিটিতে ৭ জন যুগ্ম আহ্বায়ক, ১০ জন যুগ্ম সদস্য সচিব, একজন জ্যেষ্ঠ সংগঠক, ২০ জন সংগঠক, একজন সহ-মুখপাত্র এবং ২৬ জন সাধারণ সদস্য রয়েছে।
কমিটির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, “আমরা শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে আমরা অতীতেও সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে।”
নবগঠিত কমিটির সদস্য সচিব শাহীন মিয়া বলেন, “আমাদের সংগঠনের যাত্রা জুলাই গণঅভ্যুত্থান পটভূমি থেকে। ফলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধণার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করতে চাই।”
