চক্রাকার বাস চালুর দাবিতে ক্যাম্পাসের মূল ফটকের সামনে চাকসুর অবস্থান
সোমবার রাত পৌনে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কয়েকজন নেতা।
সোমবার রাত পৌনে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, “আমরা রাত পৌনে ৯টা থেকে চাকসুর পক্ষ থেকে এখানে অবস্থান করছি। পরে শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে সংহতি জানিয়েছে। আমাদের দাবি একটাই, এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকার বাস চালু করা।”
ক্যাম্পাসে সিএনজি অটোরিকশা চালকরা সিন্ডিকেট করে ৭ টাকার ভাড়া ১০ টাকা করেছে দাবি করে ইসহাক বলেন, “ভাড়া নিয়ে আমরা কথা বলার কারণে তারা সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে চক্রাকার বাস চালুর কথা বললেও নানা টালবাহানা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সাময়িক সময়ের জন্য চক্রাকার বাস দিতে চেয়েছে। তবে আমরা চাই স্থায়ী সমাধান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।”
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “এক নম্বর গেট থেকে গোল চত্বরে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে ১০ টাকা ভাড়া নেওয়ার বিষয়টি তারা প্রশাসনকে জানিয়েছে। সিএনজি চালকরা পরে গ্যাস সংকটের কথা বলেছেন।
“ইতিমধ্যে উপ-উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তার পরামর্শ অনুযায়ী আজকে সাময়িকভাবে দুটি বাস চক্রাকারভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে অবস্থানকারীরা বাসের চাবি নিয়ে নিয়েছেন। এখনই এ বিষয়ে সমাধান সম্ভব নয়। আগামীকাল বসে আমরা বিষয়টি নিয়ে কথা বলব।”
