সিআইইউ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি
“এর ফলে সিআইইউয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টি হবে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে শুক্রবার চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চুক্তি হয় বলে সিআইইউয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চুক্তিতে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই এবং সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার সই করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
সিআইইউ বলেছে, এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ, যৌথ সেমিনার ও একাডেমিক সভা আয়োজন, এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ পরিচালিত হবে।
“এর ফলে সিআইইউর শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হবে।”
