১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এলিফ্যান্ট রোডের বাসায় ঝুলছিল ঢাবি ছাত্রীর লাশ

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক বুটেক্স ছাত্রকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

ঢাকার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে স্পেক্ট্রা মাকসুদ টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছেন নিউ মার্কেট থানার এএসআই রুহুল আমিন।

মৃত ২৪ বছর বয়সী সাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নওগাঁয়, বাবার নাম ফিরোজ মিয়া।

নিউ মার্কেট থানার এসআই বিরাজ মিস্ত্রি বলেন, “একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চারজন শিক্ষার্থী একসঙ্গে বসবাস করতেন। গতকাল ঘটনার সময় একজন বাসায় ছিলেন না।

“একটি রুমে এক শিক্ষার্থীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাকি দুইজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশের ফ্ল্যাটের একজনের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঝুলন্ত অবস্থায় থাকা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"

এ ঘটনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে সাহি আত্মহত্যা করে থাকতে পারে।

এসআই বিরাজ বলেন, “ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানে কি না, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বুটেক্স শিক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়নি।

“মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে, এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।