ডাকসু নির্বাচন: ‘স্মৃতি চিরন্তনে’ শ্রদ্ধায় ছাত্রদলের প্রচার শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
একাত্তরের শহীদদের স্মৃতি ফলক ‘স্মৃতি চিরন্তনে’ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু করেছে ছাত্রদল।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ‘স্মৃতি চিরন্তনে’ শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
সেসময় ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য সম্পাদক প্রার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, “আমরা ১৯ অগাস্ট জুলাই শহীদদের স্মরণ করে তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। আজ মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি স্মরণ করে শহীদদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রচারণা শুরু করছি।”
