১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

অনুষ্ঠানে ৩৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

শিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

গত রোববার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

গভর্নর তার বক্তব্যে বলেন, “শিক্ষকরা শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন। একইসঙ্গে তারা জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন। সমৃদ্ধ জাতি গঠনে আমাদের দক্ষ শিক্ষকের প্রয়োজন আছে।”

ফরাসউদ্দিন বলেন, “বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে বর্তমান গভর্নর দক্ষতার সাথে পরিচালনা করছেন।”

বর্তমান গভর্নর সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল এবং গভর্নর পদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার প্রস্তাব তুলবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এম আশিক মোসাদ্দিক, আইকিউএসি পরিচালক অধ্যাপক সুফিয়া ইসলাম এবং প্রশিক্ষণ গ্রহণকারী দুই শিক্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ৩৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।