Published : 09 Sep 2025, 07:02 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় চট্টগ্রামে চীনা ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
এ বিষয়ে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সিআইইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতার আওতায় সিআইইউতে আনুষ্ঠানিকভাবে একটি চীনা ভাষা শিক্ষণ ও পরীক্ষার কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইচএসকে ভাষা দক্ষতা পরীক্ষার আয়োজন করা হবে। পাশাপাশি ইউনান বিশ্ববিদ্যালয়সহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের সংস্কৃতির মেলবন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করা হবে।
সমঝোতা স্বারকে সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওয়ান সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য এম এম নুরুল আবসার।
এসময় কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ বুলবুল আশরাফ সিদ্দিকী এবং সিআইইউতে চীনা ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) ও লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইইউর চীনা ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র শিগগির যাত্রা করবে। এর ফলে শুধু সিআইইউ নয়, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।