Published : 28 Aug 2025, 11:48 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল—ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।
এ প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ডাকসুর নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেছেন, “আমরা প্রশাসনের পক্ষপাতত্বমূলক আচরণ দেখে আশঙ্কা প্রকাশ করছি। তারা বারবার আমাদের হতাশ করছেন।
“আমরা তাদের কাছ থেকে স্বচ্ছতা আশা করি। তারা একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছে।”
বৃহস্প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে বটতলায় সংবাদ সম্মেলনে এসে এ অভিযোগ তোলেন তিনি।
সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক ‘আজাদী’ (স্বাধীনতা) পেলেও সাংস্কৃতিক ‘আজাদী’ পাইনি। পতিত ‘স্বৈরাচারের’ দোসররা এখনও নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ইসলামিক প্রতীকগুলো এখনো হিউমিলিয়েট করছে। আমরা বিজয়ী হলে ইসলামিক প্রতীকগুলোকে সমাজে স্বাভাবিক হিসেবে রূপ দেব।
“আমরা বিজয়ী হলে ‘কালচারাল ফ্যাসিবাদের’ কবর রচনা করব। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মূল সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে। এটি হবে একটি বহু-সংস্কৃতির প্রতিষ্ঠান। এখানে হিন্দু-বৌদ্ধ, চাকমা-মারমাসহ সবাই মুক্তভাবে তাদের ধর্মচর্চা করতে পারবেন।"
তিনি বলেন, “আজ আমরা কলাভবনের শিক্ষার্থীদের সঙ্গে তাদের যাবতীয় সমস্যা নিয়ে কথা বলেছি। এখানে শ্রেণীকক্ষ সংকট, পুরাতন লিফটসহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছি। এছাড়া কমনরুমে নারী স্টাফ না থাক একটি বড় সমস্যা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক কাজ করব।”
এর আগে বিভিন্ন জায়গায় ব্যানার টাঙিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে।
সে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা যেসব পোস্টার লাগিয়েছি, সেগুলো নিয়ম মেনেই লাগিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে নিয়ম বদলানোয় ঝামেলা বেঁধেছে।”
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের কথা জানায় ডাকসুর নির্বাচন কমিশন।
কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইএসপিয়ার বলেছে, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুযোগ নেই।
সে বিষয়ে এস এম ফরহাদ বলেন, অনেক ছাত্রসংগঠনই এ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব অংশীদারের সঙ্গে পরামর্শ করার দরকার ছিল।
সংবাদ সম্মেলনে এ প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খানও উপস্থিত ছিলেন।