১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট: গবেষণায় বরাদ্দ ২ শতাংশ

“ইউজিসি থেকে একটা নির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয়; আমরা এর বাইরে যেতে পারি না,” বলেন কোষাধ্যক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট: গবেষণায় বরাদ্দ ২ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থবছরের বাজেট তুলে ধরতে সংবাদ সম্মেলন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 01:20 AM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট পাস হয়েছে, যেখানে বরাবরের মত এবারও গবেষণায় বরাদ্দ তলানিতে।

নতুন অর্থবছরে গবেষণার পেছনে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক ০৮ শতাংশ। চলতি অর্থবছর বরাদ্দ রয়েছে ২০ কোটি ৭ লাখ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাজেট অনুমোদন দেওয়া হয়। পরের দিন বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে এসে বাজেটের নানা দিক তুলে ধরেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবারের বাজেটে সরকার দেবে ৮৮৩ কোটি ৪ লাখ টাকা। আর বিশ্ববিদ্যালয়ের উৎস থেকে আসবে ৯০ কোটি টাকা। সেই হিসাবে ঘাটতি থাকবে প্রায় ৬২ কোটি টাকা।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, পণ্য ও পরিবহন, পেনশন, গবেষণা অনুদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও যন্ত্রপাতি অনুদানসহ কয়েকটি খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে।

গবেষণাখাতের বাজেট নিয়ে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাজেট প্রণয়নে ঢাকা বিশ্বদ্যালয়ের স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। আমরা এর বাইরে যেতে পারি না।

“এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা গবেষণা খাতের কথা বলেছি। তিনি আমাদের প্রস্তাব আকারে এটি দেওয়ার কথা বলেছিলেন।”

জুনে সিনেট হচ্ছে না

সংবাদ সম্মেলনে সিনেট অধিবেশন নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “এবছর প্রশাসনিক জটিলতায় সিনেট অধিবেশন নির্ধারিত সময়ে হচ্ছে না।

“সেখানে যে ২৫ জন শিক্ষক প্রতিনিধি রয়েছেন, তাদের মেয়াদ ১৫ জুন শেষ হয়ে গেছে। এছাড়া ৩৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের মধ্যে অনেকে ফ্যাসিবাদের সহযোগী রয়েছেন। এর আগে আমরা একই কারণে সিন্ডিকেট সভা করতে পারিনি।”

তিনি বলেন, “সিনেটে সরকারের প্রতিনিধিও থাকেন। এখনও সরকার থেকে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হয়নি। ফলে আমাদের কারণে নয়, বরং প্রশাসনিক জটিলতায় আমরা এবছর নির্ধারিত সময়ে সিনেট অধিবেশন করতে পারছি না।”