ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস সেফগার্ডিং’ শীর্ষক সচেতনতা সেশন
সেশনগুলোতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার চারশোরও বেশি শিক্ষার্থী এবং কর্মী অংশ নেন।
শিক্ষার্থী এবং কর্মীদের সচেতনতা বাড়াতে সাভারে ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারে ‘ক্যাম্পাস সেফগার্ডিং’ শীর্ষক তিনটি সেশন পরিচালনা করেছে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব দ্য প্রক্টর।
বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এই সেশনগুলোতে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার চারশোরও বেশি শিক্ষার্থী এবং কর্মী অংশ নেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রক্টর এবং সেফগার্ডিং লিড অ্যাডভোকেট ফারহান হকের নেতৃত্বে এই সচেতনতা সেশন পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সেফগার্ডিং নীতিমালা তুলে ধরে বক্তব্য দেন প্রক্টর রুবানা আহমেদ এবং প্রক্টর অফিসের সদস্যরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সুপারিনটিনডেন্ট মীর সাদিক ফয়সাল।
এসব সেশনে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা, পদ্ধতি এবং সহায়তা প্রটোকলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন আলোচকরা। এছাড়াও ক্যাম্পাসে একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখার বিষয়ে করণীয় সম্পর্কেও আলোকপাত করা হয়।
সেই সাথে সেফগার্ডিং এবং ক্যাম্পাস সেফগার্ডিং বিষয়ে ধারণা প্রদান, বিভিন্ন একাডেমিক এবং নন-একাডেমিক নিয়ম পরিপন্থী কাজ ও এর পরিণাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং যেকোনো সমস্যা কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমগুলো শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়।
ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সেফগার্ডিং মেনে চলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয় সেশনগুলোতে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সুরক্ষানীতি সম্বলিত একটি অভ্যন্তরীণ ‘ক্যাম্পাস সেফগার্ডিং ফ্রেমওয়ার্ক’ তৈরি করেছে এবং এটির বাস্তবায়ন করে চলেছে। শিক্ষার্থী এবং কর্মীদের জন্য একটি নিরাপদ, সমন্বিত এবং সহায়ক পরিবেশ গড়ে তোলাই এর উদ্দেশ্য।
