১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ইউআইইউতে হয়ে গেল ইএসজি সেমিনার

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 03:24 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য এনভায়রনমেন্টাল, সোশাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) বিষয়ে সেমিনার করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের অংশ হিসেবে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা।

অনুষ্ঠানে তিনি বলেন, “পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, ইএসজি রিপোর্টিং, টেকসই অর্থায়ন এবং জলবায়ু ঝুঁকি মূল্যায়নের মতো ক্ষেত্রে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।”

এসব সুযোগ কাজে লাগাতে কারিগরি জ্ঞানের পাশাপাশি কার্যকর যোগাযোগ দক্ষতা, অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা এবং নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাইহানা বলেন, “জটিল পরিবেশগত ও সামাজিক বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে অর্থায়ন, তথ্য ও কারিগরি দক্ষতার সীমাবদ্ধতার কারণে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। 

“তবে কার্যকরভাবে এসব বিধিবিধান পরিপালন করতে পারলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে করপোরেট সরবরাহ শৃঙ্খল, রপ্তানি বাজার, সরকারি ক্রয় এবং টেকসই অর্থায়নের সুযোগ আরও সহজতর হতে পারে।”

মূল বক্তব্যের পর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।

তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, ফ্রান্সভিত্তিক মেনার্ড গ্রুপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ফাহিমা শাহাদাত, স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ, নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক ও মডারেটর অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, গবেষক এবং উন্নয়ন সহযোগী ও করপোরেট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।