Published : 07 Jun 2026, 01:05 AM
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-জাবিপ্রবির উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে তাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমদকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. সামসুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন।