১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

তার রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

এমিরেটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

শিক্ষা ও গবেষণায় তার অবদানের কথা তুলে ধরে শুক্রবার শোকবার্তায় উপাচার্য বলেন, সেই অবদানের কারণে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

মনজুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন নিয়াজ আহমদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক মনজুরুল ইসলাম শুক্রবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান বলেন, অধ্যাপক মনজুরুল ইসলাম কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক ছিলেন। রবীন্দ্র গবেষক হিসেবেও তিনি সুপরিচিত। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন তিনি।

সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহ শেষবারের মত নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শনিবার সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার সামনে তাকে শেষ বিদায় জানাবেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর ১১টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।