Published : 20 Feb 2026, 07:54 PM
‘অনেকগুলো ওষুধ খেয়ে’ হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু।
বৃহস্পতিবার মধ্যরাতে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ।
চিকিৎকদের বরাতে এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাঈন বলেন , “মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি আছেন, তার ‘রিকভারি’ চলছে।”
অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, "মেঘদা ডাকসু নির্বাচনের পর থেকেই অসুস্থ ছিলেন। তাকে আমরা অনেকগুলো ওষুধ খাওয়া অবস্থায় পাই। উনি সুস্থ হলে কারণ জানা যাবে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।”
গেল সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ধারার সাত ছাত্র সংগঠনের প্যানেল— ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে জিএস পদে লড়েন মেঘমল্লার। তাতে প্রায় পাঁচ হাজার ভোট পেয়ে তৃতীয় হন তিনি।
ডাকসু নির্বাচনের প্রচার চলার সময় অসুস্থ হয়ে পড়েন ছাত্র ইউনিয়নের এ নেতা। গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে ‘অ্যাপেন্ডিক্স’ অস্ত্রোপচার হয় তার।