Published : 20 May 2026, 08:40 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন দোকানপাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।
বুধবার দুপুরে চালানো ওই অভিযানে ছয়টি প্রতিষ্ঠান থেকে ৩৪ হাজার টাকা জরিমানা করার তথ্য দিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
অভিযানে চাকসু নেতারা থাকায় বিষয়টি নিয়ে আপত্তি তোলেন স্থানীয় দোকানিরা।
অভিযানে জাহান বেকারি নামে একটি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানটির মালিক সোলায়মান চৌধুরী বলেন, “চাকসু প্রতিনিধিদের এখানে আসার এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এলাকা নয়।”
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “জাহান বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা করার পর স্থানীয় কিছু লোক আমাদের ওপর তেড়ে আসে।
জাহান বেকারির মালিক বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। তারা এসে সরাসরি অভিযান চালায় এবং জরিমানা করে। স্থানীয়রা প্রশ্ন তোলে কেন শুধু কয়েকটি দোকানে অভিযান চালানো হচ্ছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিচয়পত্র দেখতে চাইলেও তা দেখানো হয়নি।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, “২ নম্বর গেইট বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকা হওয়ায় স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। অভিযানের সময় আমি উপস্থিত ছিলাম না, তবে পরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, “নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়। তবে পরে তা সমাধান করা হয়।”