Published : 02 Aug 2026, 04:27 PM
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হালীম শেখের আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া মাহফিল হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মরহুমের বড় ছেলে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল কাইয়ুম শেখ এবং ছোট ছেলে মুফতি সাদ শেখও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ট্রাস্টি আফরোজা বেগম, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা দোয়ায় অংশ নেন।
কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল হালীম শেখের কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। শেষে তার রুহের মাগফেরাত ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গত ২৭ জুলাই রাতে বনানী ডিওএইচএসের বাসায় মারা যান অধ্যাপক আব্দুল হালীম শেখ। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বনানী ডিওএইচএসে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হালীম শেখ ২০১৩ সাল থেকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।