ইউআইইউতে হল ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’
শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।
শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, করপোরেট জগতের অভিজ্ঞতা এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে ধারণা দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) হয়ে গেল ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ অনুষ্ঠান।
ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে ৫ সেপ্টেম্বর এ অনুষ্ঠানে চতুর্থ বর্ষের বিবিএ শিক্ষার্থীরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, শিক্ষার্থীদের সঙ্গে শিল্প খাতের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন আইসিডিডিআর,বির মানবসম্পদ উপদেষ্টা এবং ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্সের (এফবিএইচআরও) প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশাররফ হোসাইন।
তিনি বলেন, কর্মজীবনে সফলতার জন্য প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, ইতিবাচক মানসিকতা, শেখার আগ্রহ এবং পেশাগত দায়িত্ববোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন ট্রান্সকম লিমিটেডের করপোরেট প্রধান, মানবসম্পদ ও পরিচালক এম. সাব্বির আলী (এসএইচআরএম-এসসিপি); সিটিব্যাংক এন এ-এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা আসিফ জামান; মাইজবস ডটকম ডটবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান (সবুজ); ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির প্রধান জনবল ও সংস্কৃতি কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ শামীম; শেলটেক (প্রা.) লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার সাবাহ কবির নবী এবং দ্য ডেইলি স্টারের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. মাহমুদুল হাসান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উপদেষ্টা-অ্যাডজাঙ্কট প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ। সঞ্চালনা করেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর সালমা করিম।
প্যানেল আলোচনায় বক্তারা ক্যারিয়ার উন্নয়ন, নিয়োগ কৌশল, পেশাগত নৈতিকতা, নেতৃত্ব, কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সাংগঠনিক সংস্কৃতি এবং প্রতিযোগিতামূলক করপোরেট পরিবেশে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা ও যোগ্যতা নিয়ে আলোচনা করেন।
