জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্টে সেমিনার
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক-শিক্ষার্থীরা জাপানের শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (জেইউএএবি) যৌথ উদ্যোগে এ সেমিনার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেমিনারের শিরোনাম ছিল ‘আনলক ইউর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সংযোগ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়েছে। এতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেন।
সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আসা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের ৬ শিক্ষাবিদ।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপানি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
